সতর্কতা! আপনার কাছেও কি জিএসটি নোটিশ এসেছে? অজান্তে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

দেশজুড়ে সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত রুখতে এবার কোমর বেঁধে নামল প্রশাসন। সাধারণ মানুষের পাশাপাশি এবার ব্যবসায়ীদের লক্ষ্য করছে প্রতারকরা। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) সম্প্রতি ভুয়ো জিএসটি নোটিশ এবং সমন পাঠানোর বিষয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে। শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে যে, প্রতারকরা সরকারি লোগো এবং জাল নথি ব্যবহার করে বেসরকারি সংস্থাগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সিবিআইসি (CBIC) জানিয়েছে, একদল প্রতারক নিজেদের জিএসটি অফিসার পরিচয় দিয়ে ফোন করছে এবং ইমেইল বা চিঠির মাধ্যমে ‘জাল’ সমন পাঠাচ্ছে। এই নোটিশগুলিকে আসল প্রমাণ করতে তারা সেন্ট্রাল জিএসটি-র লোগো এবং ভুয়ো ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (DIN) ব্যবহার করছে। সম্প্রতি ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক ব্যবহারকারীর অভিযোগের প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ নিল বোর্ড।

ব্যবসায়ী ও করদাতাদের সুরক্ষা নিশ্চিত করতে বোর্ড একটি বিশেষ পরামর্শ দিয়েছে। বিভাগ থেকে প্রাপ্ত যে কোনও চিঠিপত্র বা নোটিশ হাতে পেলে, তাতে থাকা ‘ডিআইএন’ (DIN) নম্বরটি অবিলম্বে সিবিআইসি পোর্টালে গিয়ে যাচাই করতে হবে। যদি পোর্টালে ওই নম্বরের হদিশ না মেলে, তবে বুঝতে হবে সেটি জাল। সেক্ষেত্রে কালবিলম্ব না করে বিষয়টি কর্তৃপক্ষকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিক পরিচয়ে আসা ফোন কল বা মেসেজে কোনওভাবেই ব্যক্তিগত আর্থিক তথ্য বা অর্থ লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।