গুরু অবমাননার অভিযোগ কি সাজানো? আতিশী ইস্যুতে তোলপাড় রাজনীতি, দায়ের FIR!

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা আতিশী মারলেনার একটি সম্পাদিত বা ‘ডক্টর্ড’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল পাঞ্জাব পুলিশ। জলন্ধর পুলিশ এই ঘটনায় দিল্লির বিজেপি নেতা তথা মন্ত্রী কপিল মিশ্র এবং পাঞ্জাবের একাধিক প্রভাবশালী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে আতিশীর একটি ভিডিও কারচুপি করে ভাইরাল করা হয়েছিল।
ইকবাল সিং নামক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জলন্ধর পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগে জানানো হয়েছিল, একটি ভিডিওতে আতিশীকে শিখ গুরুদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে শোনা গেছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত ভিডিওটি সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে, ভিডিওটি ভুয়ো এবং এডিট করা। ভিডিওটিতে আতিশীর মুখে এমন শব্দ বসানো হয়েছে যা তিনি আদতে বলেননি।
পুলিশি তদন্তে দেখা গেছে, মূল ভিডিওতে আতিশী কোথাও ‘গুরু’ শব্দটি ব্যবহার করেননি। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ভিডিওটি বিকৃত করা হয়েছিল। এই জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কপিল মিশ্রের পাশাপাশি কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরা এবং পরগত সিং-এর নামও এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, এই এফআইআর ঘিরে পাঞ্জাবের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন, আতিশীর প্রকৃত মন্তব্য ধামাচাপা দিতেই বিরোধী নেতাদের ফাঁসানো হচ্ছে। এক্স- হ্যান্ডেলে তিনি লেখেন, “শিখ সমাজ এবং পাঞ্জাবের মানুষ এই অন্যায় ক্ষমা করবে না। আপ সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে।” বর্তমানে পুলিশ ঘটনার গভীরে পৌঁছাতে ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে।