অযোধ্যায় ১৫ কিমি জুড়ে বন্ধ চিকেন-মাটন! অনলাইন ডেলিভারিতেও নিষেধাজ্ঞা, কড়া পদক্ষেপ প্রশাসনের

অযোধ্যার রামমন্দিরকে কেন্দ্র করে এবার খাদ্যতালিকায় বড়সড় কোপ বসাল জেলা প্রশাসন। পবিত্রতা বজায় রাখতে মন্দিরের চারপাশের ১৫ কিলোমিটার এলাকাকে সম্পূর্ণ ‘আমিষ মুক্ত’ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু দোকান বা হোটেল নয়, অন্তর্ভুক্ত করা হয়েছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলিকেও।
প্রশাসন সূত্রে খবর, ‘পঞ্চকোশী পরিক্রমা’ এলাকার মধ্যে অনলাইনে নন-ভেজ খাবার সরবরাহের একাধিক অভিযোগ আসছিল। এরপরই কড়া সিদ্ধান্ত নেয় পুরসভা ও খাদ্য দপ্তর। সহকারী খাদ্য কমিশনার মণিক চন্দ্র সিংহ স্পষ্ট জানিয়েছেন, হোটেল, হোমস্টে এবং অনলাইন ডেলিভারি সংস্থাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি রামপথ সংলগ্ন ১৪ কিলোমিটার এলাকায় মদ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, মদের দোকানগুলি সরাতে আরও কড়াকড়ি প্রয়োজন।
অন্যদিকে, রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সংক্রান্ত বড় তথ্য সামনে এসেছে। মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে। যেখানে প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১,৮০০ কোটি টাকা। ইতিমধ্যেই ১,৫০০ কোটি টাকার বিল মেটানো হয়েছে। প্রশাসনের ইঙ্গিত, আগামী দিনে রামমন্দির সংলগ্ন এলাকায় আচরণ ও খাদ্যাভ্যাস নিয়ে বিধিনিষেধ আরও কঠোর হতে পারে।