আদরের পালিত পুত্রই কাল! কান্দিতে গৃহবধূ খুনের অভিযোগে শিউরে উঠছে এলাকা, উধাও সোনার গয়না ও দলিল

মুর্শিদাবাদের কান্দি শহরের নতুনপাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সুকন্যা গুপ্ত, যিনি পেশায় একজন বুটিক মালকিন ছিলেন। এই ঘটনায় অভিযোগের তির মৃতার দত্তক নেওয়া পুত্র কৃষ্ণপদ দাসের বিরুদ্ধে। অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নেওয়ার লক্ষ্যেই নিজের পালিত মাকে বিষ খাইয়ে হত্যা করেছে সে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সুকন্যা দেবী ও তাঁর স্বামী স্কুল শিক্ষক প্রণব গুপ্ত নিঃসন্তান হওয়ায় কৃষ্ণপদ নামের এক যুবককে দত্তক নিয়েছিলেন। কৃষ্ণপদ সস্ত্রীক তাঁদের বাড়িতেই থাকতেন। অভিযোগ, সম্প্রতি কৃষ্ণপদ ওই দম্পতির ওপর মানসিক অত্যাচার শুরু করেন এবং তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা চালান। বৃহস্পতিবার রাতে সুকন্যা দেবী অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোনো চিকিৎসা করানো হয়নি বলে পরিবারের দাবি। উল্টে তাঁকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই কৃষ্ণপদ সোনার গয়না ও জমির দলিল নিয়ে চম্পট দিয়েছে।

শুক্রবার সকালে সুকন্যা দেবীর দেহ উদ্ধারের পর কান্দি থানার পুলিশ এসে ময়নাতদন্তের ব্যবস্থা করে। পরিবারের সদস্য মৌমিতা চক্রবর্তীর দাবি, “কৃষ্ণপদ সম্পত্তি আর সোনার লোভেই এই কাণ্ড ঘটিয়েছে।” কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে।