২৬,০০০ ফুট উচ্চতায় ২৪ ঘণ্টা নজরদারি! ড্রাগন-পাককে রুখতে সেনার হাতে আসছে বিশেষ ‘সৌর ড্রোন

সীমান্তে চিন ও পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় সেনাবাহিনী। নজরদারির ভোল বদলে দিতে বেঙ্গালুরু-ভিত্তিক ‘নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস’-এর সাথে ১৬৮ কোটি টাকার এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল সেনা। ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এই প্রথম সৌরশক্তিচালিত ড্রোন বা MAPSS (Mobile Autonomous Persistent Surveillance System) অন্তর্ভুক্ত হতে চলেছে।

এই ড্রোনের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। দিনের বেলা সূর্যের আলোয় চার্জ হয়ে এটি ২৬,০০০ ফুটেরও বেশি উচ্চতায় একটানা ২৪ ঘণ্টার বেশি উড়তে সক্ষম। হিমালয়ের দুর্গম পাহাড় থেকে শুরু করে রাজস্থানের মরুভূমি—শত্রু শিবিরের প্রতিটি গতিবিধি এই ড্রোনের লেজার-শার্প ক্যামেরায় ধরা পড়বে। বিশেষ করে LAC বরাবর চিনা সেনার পরিকাঠামো নির্মাণ এবং LoC-তে পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে এই সাইলেন্ট ড্রোন গেম-চেঞ্জার হতে চলেছে।

‘আইডেক্স’ (iDEX) প্রকল্পের অধীনে তৈরি এই দেশীয় প্রযুক্তি ভারতের ‘স্বনির্ভর’ প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় সাফল্য। নিঃশব্দে কাজ করা এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যোগাযোগ স্থাপনেও পারদর্শী। এখন থেকে আকাশপথেই চিন ও পাকিস্তানের যে কোনো ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিতে প্রস্তুত ভারতীয় জওয়ানরা।