ব্রিটিশ রাজার জন্য হোয়াইট হাউসে বিশেষ টয়লেট! ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে কী ঘটছে?

২০২৬ সালের এপ্রিলে ব্রিটিশ রাজার ঐতিহাসিক ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে নজিরবিহীন প্রস্তুতি শুরু হয়েছে মার্কিন রাষ্ট্রপতির বাসভবন হোয়াইট হাউসে। আতিথেয়তার এক অদ্ভুত নিদর্শন হিসেবে খোদ হোয়াইট হাউসের দক্ষিণ অংশে ব্রিটিশ রাজার জন্য একটি বিশেষ পোর্টেবল শৌচাগার বা টয়লেট তৈরি করা হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে খবর, এই শৌচাগারটি একটি সুসজ্জিত তাঁবু দ্বারা পরিবেষ্টিত থাকবে।

দ্য টেলিগ্রাফ ইউকে-র রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে তাঁর লন্ডন সফরের সময় ব্রিটিশ রাজাকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কেন এই আলাদা শৌচাগার তৈরির প্রয়োজন পড়ল? আসলে অতীতে হোয়াইট হাউসের পূর্ব উইংয়ে বিদেশী অতিথিদের জন্য বিশ্রামাগারের সুবিধা ছিল, যা ট্রাম্পের আগমনের পর ভেঙে ফেলা হয়। বর্তমানে অতিথিদের বিশ্রামাগার ব্যবহারের জন্য মূল ভবনের অনেকটা ভেতরে যেতে হয়। ব্রিটিশ রাজার বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই বাইরে এই বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ জানিয়েছেন, লন্ডনে ট্রাম্পকে যেভাবে রাজকীয় জাঁকজমকের সাথে স্বাগত জানানো হয়েছিল, ওয়াশিংটনও তার যোগ্য প্রত্যুত্তর দিতে চায়। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প যখন সস্ত্রীক ব্রিটেন সফরে গিয়েছিলেন, তখন রাজা তাঁকে ‘আইরিশ স্টেট কোচ’-এ করে উইন্ডসর ক্যাসেল ঘুরিয়ে দেখানো থেকে শুরু করে রাজকীয় ভোজসভার আয়োজন—সবই করেছিলেন আভিজাত্যের সাথে। এমনকি ট্রাম্পের অনুরোধে লন্ডনের মেয়র সাদিক খানকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার সেই রাজকীয় সম্মানের প্রতিদান দিতেই ব্রিটিশ রাজার স্বাচ্ছন্দ্যের দিকে কড়া নজর রাখছেন ট্রাম্প।