কাশীপুরের শিল্পীদের জাদুকরী হাতের ছোঁয়ায় সেজে উঠছে টুসু! জঙ্গলমহলে এখন উৎসবের প্রস্তুতি
January 9, 2026

পুরুলিয়া তথা জঙ্গলমহলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকউৎসব ‘টুসু’ ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই উৎসব পুরুলিয়ার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। বিশেষ করে কাশীপুর ব্লকের লাইকডি গ্রামের বাসিন্দারা বংশপরম্পরায় টুসু চৌডল নির্মাণের মাধ্যমে এই ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছেন।
পাঠ ও বাঁশের কুচি দিয়ে প্রথমে চৌডলের কাঠামো তৈরি করা হয়। এরপর রঙিন কাগজ ও নিপুণ লোকজ নকশার মাধ্যমে তা সাজিয়ে তোলা হয়। লাইকডি গ্রামের কারিগর রাহুল যোগী ও পরান বাউরি জানান, “পূর্বপুরুষেরা এই ঐতিহ্য ধরে রেখেছিলেন, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখছি।” তাঁদের তৈরি চৌডলের চাহিদা বাজারে আকাশছোঁয়া। আধুনিকতার যুগেও প্রাচীন রীতিনীতি মেনে তৈরি এই চৌডলগুলি গ্রামীণ জীবনের সরলতা ও সৌন্দর্যের এক অনন্য প্রকাশ।