মার্কিন বি-২১ বোমারু বিমানের গোপন তথ্য ফাঁস! আমেরিকার সবথেকে শক্তিশালী অস্ত্র এখন চীনের নজরে?

একদিকে যখন ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক তখনই আমেরিকার সবথেকে উন্নত স্টিলথ বোমারু বিমান বি-২১ রেইডার (B-21 Raider)-এর গোপন তথ্য ফাঁসের খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। চীনা গবেষকদের তৈরি একটি শক্তিশালী স্পেস সিমুলেশন টুলের মাধ্যমে আমেরিকার এই অতি-গোপন অস্ত্রের নকশাগত দুর্বলতা খুঁজে বের করার দাবি করা হয়েছে। নর্থরপ গ্রুমম্যান-নির্মিত এই বিমানটি বর্তমানে মার্কিন বিমান বাহিনীর অধীনে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তার আগেই চীনা বিজ্ঞানীদের এই গবেষণা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
চায়না অ্যারোডাইনামিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের বিজ্ঞানী হুয়াং জিয়াংতাও এবং তাঁর দল ২৮৮টি ভিন্ন প্যারামিটার ব্যবহার করে বি-২১-এর একটি সিমুলেশন তৈরি করেছেন। তাঁদের গবেষণায় দাবি করা হয়েছে যে, এই বিমানের বায়ু ভারসাম্য (Aerodynamic balance) এবং উড্ডয়নের স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি নিয়ে কিছু ফাঁক রয়ে গেছে। তবে চীনা প্রযুক্তির সাহায্যে এরোডাইনামিক উন্নতি ঘটিয়ে বিমানের লিফট-টু-ড্র্যাগ দক্ষতা ১৫ শতাংশ বাড়ানো সম্ভব বলেও তাঁরা দাবি করেছেন। পিচিং মোমেন্ট প্রায় শূন্যের কাছাকাছি এনে বিমানটিকে আরও মসৃণ ও স্থিতিশীল করার ফর্মুলাও বাতলে দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, চীনের তৈরি ‘PADJ-X’ সিস্টেমের মাধ্যমে অ্যারোডাইনামিক্স থেকে শুরু করে ইঞ্জিন ও ইনফ্রারেড সিগনেচার—সবই উন্নত করা সম্ভব।
এদিকে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন। ইরানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো হলে আমেরিকা কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “ওরা যদি দাঙ্গার সময় মানুষ হত্যা শুরু করে, তবে আমরা ওদের ওপর খুব কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ব।” ইরান ও আমেরিকার এই প্রবল অস্থিরতার মাঝে আমেরিকার সবথেকে আধুনিক বোমারু বিমানের নকশা চীনা গবেষকদের হাতে বিশ্লেষণ হওয়া সামরিক ভারসাম্যের ক্ষেত্রে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।