‘হাগ হাগ না রহা…!’ ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের বিচ্ছেদ? জয়রাম রমেশের খোঁচায় তোলপাড় দিল্লি

ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ কি তবে বদলে যাচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত ‘বন্ধুত্ব’ নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের একটি চাঞ্চল্যকর মন্তব্যকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। লুটনিকের দাবি, শীর্ষ স্তরে সরাসরি যোগাযোগের অভাবের কারণে ভারত আমেরিকার সাথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হাতছাড়া করেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে জয়রাম রমেশ লিখেছেন, “হাগ হাগ না রহা, পোস্ট পোস্ট না রহা, ক্যা সে ক্যা হো গ্যয়া বেওয়াফা তেরে দোস্তি মে!” মূলত মোদী-ট্রাম্পের বিখ্যাত আলিঙ্গন বা ‘হাগ’-কে কটাক্ষ করেই এই মন্তব্য। এই কটাক্ষের নেপথ্যে রয়েছে মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট চামাথ পালিহাপিটিয়ার সাথে লুটনিকের একটি পডকাস্ট। সেখানে লুটনিক দাবি করেছেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির সব রূপরেখা তৈরি ছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন না করায় সেই চুক্তি থমকে যায়।
লুটনিকের বয়ান অনুযায়ী, ট্রাম্পের বাণিজ্য কৌশল ছিল ‘মই’ বা লেডার মডেলের মতো। যারা আগে আসবে, তারা সবথেকে ভালো সুবিধা পাবে। ট্রাম্প বারবার ভারতের নাম নিলেও শেষ মুহূর্তে মোদী ফোন করতে অস্বস্তি বোধ করেছিলেন। ফলে সেই শুক্রবার চুক্তিটি না হওয়ায় পরের সপ্তাহে আমেরিকা ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনামের সাথে বড় চুক্তি সেরে ফেলে। কংগ্রেসের দাবি, এই কূটনৈতিক ব্যর্থতা ভারতের অর্থনীতির জন্য বড় ধাক্কা। যেখানে ট্রাম্প প্রকাশ্যে বারবার ভারতের নাম নিয়েছেন, সেখানে মোদীর এই নীরবতা বা ‘অস্বস্তি’ কেন, তা নিয়েই এখন প্রশ্ন তুলছে বিরোধী শিবির।