ভজনে মগ্ন হয়ে অদ্ভুত আচরণ! সুধা চন্দ্রনের ভিডিও ঘিরে হইচই, ভক্তি নাকি অসুখ?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিনোদন জগতে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভজন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন প্রখ্যাত অভিনেত্রী সুধা চন্দ্রন। কখনও তিনি অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ছেন, কখনও আবার অস্বাভাবিকভাবে লাফাচ্ছেন। এমনকি পাশের কাউকে কামড়ানোর চেষ্টাও করতে দেখা যায় তাঁকে। এই ভিডিও চাউর হতেই প্রশ্ন উঠেছে— এটি কি গভীর ভক্তিভাবের বহিঃপ্রকাশ, নাকি কোনো শারীরিক অসুস্থতা?

নেটজনতার একাংশের মতে, আধ্যাত্মিকতায় গভীরভাবে ডুবে গেলে অনেক সময় মানুষের অবচেতন মন এমন আচরণ করে। কেউ কেউ একে ‘মহাজাগতিক শক্তির প্রভাব’ বলেও মনে করছেন। তবে অন্য পক্ষ দাবি করছে, এটি মৃগী বা স্নায়বিক কোনো অসুখের লক্ষণ হতে পারে এবং অভিনেত্রীর দ্রুত চিকিৎসার প্রয়োজন।

এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন সুধা চন্দ্রন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এই বিষয়ে কাউকে কোনো সাফাই দিতে চাই না। আমি আমার জীবন নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। যে যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ট্রোলাররা তাঁদের মতো ট্রোল করতে থাকুন।” বর্তমানে ‘নয়নতারা’ ধারাবাহিকে ‘ঘোরখামিনি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এখন নতুন কোনো কাজ না নিয়ে আধ্যাত্মিক চর্চাতেই বেশি সময় ব্যয় করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।