হাইকোর্টে ইডি বনাম মমতা! হার্ডডিস্ক কাণ্ডে মুখোমুখি দুই পক্ষ, বিকেলেই হাইভোল্টেজ শুনানি

আই-প্যাক (I-PAC) কাণ্ডে নজিরবিহীন আইনি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একযোগে শুনানি হতে চলেছে ইডি এবং তৃণমূলের দায়ের করা দুটি পৃথক মামলার। ইডির তরফে ডিএসজি ধীরাজ ত্রিবেদী অভিযোগ করেছেন যে, তল্লাশি চলাকালীন পুলিশি বাধা সৃষ্টি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ফাইল ও নথি লোপাট করা হয়েছে। ইডির দাবি, উদ্ধার হওয়া সমস্ত নথি অবিলম্বে ফেরত দিতে হবে এবং কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আইনি রক্ষাকবচ দিতে হবে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়েছে। শাসক দলের অভিযোগ, ইডি ‘অতিসক্রিয়’ হয়ে রাজনৈতিক নথিপত্র হাতিয়ে নিয়েছে। দলের সংগঠন সংক্রান্ত গোপন নথি এবং এসআইআর (SIR) রিপোর্ট ফেরতের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। উল্লেখ্য, ইডি এই মামলায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পক্ষভুক্ত করেছে, কারণ স্যোশাল মিডিয়ার ছবিতে তাঁকে অভিযানস্থলে দেখা গিয়েছে। গতকাল প্রতীক জৈনের বাড়িতে ডিসি সাউথের সঙ্গে ইডি আধিকারিকদের বাদানুবাদের পুরো ভিডিও ইতিমধ্য়েই দিল্লির সদর দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা।