ভিখারির ব্যাগে টাকার পাহাড়! দুর্ঘটনায় মৃত্যুর পর উদ্ধার ৪৫ লক্ষ টাকা, তাজ্জব পুলিশ!

কেরালার আলাপ্পুঝায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এক অতি সাধারণ ভবঘুরে ভিখারির মৃত্যুর পর তাঁর ব্যাগ তল্লাশি করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ। ওই নোংরা ঝোলা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৫ লক্ষ টাকারও বেশি অর্থ, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রাও। সোমবার রাতের একটি সড়ক দুর্ঘটনা এই কোটিপতি ভিখারির রহস্যময় জীবনের পর্দা ফাঁস করে দিয়েছে।

দুর্ঘটনা থেকে মৃত্যু: পরতে পরতে রহস্য সোমবার রাতে আলাপ্পুঝা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি নিজের নাম অনিল কিশোর বলে জানান। তবে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে একটি দোকানের সামনে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তাঁর সাথে থাকা ব্যাগটি পরীক্ষার জন্য থানায় নিয়ে আসে।

নিষিদ্ধ নোট ও বিদেশি মুদ্রার ভাণ্ডার পঞ্চায়েত সদস্য ফিলিপ ওমেনের উপস্থিতিতে পুলিশ যখন অনিল কিশোরের ব্যাগটি খোলে, তখন সেখানে দেখা যায় একটি পুরনো প্লাস্টিকের বাক্স। সেই বাক্স খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা। পুলিশ জানিয়েছে, মোট ৪.৫ মিলিয়ন বা ৪৫ লক্ষ টাকারও বেশি নগদ পাওয়া গিয়েছে। এর মধ্যে যেমন প্রচুর বিদেশি মুদ্রা রয়েছে, তেমনই উদ্ধার হয়েছে ভারত সরকারের নিষিদ্ধ করা বেশ কিছু ২০০০ টাকার নোটও।

তদন্তে পুলিশ: কে এই অনিল কিশোর? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনিল কিশোর প্রতিদিন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন। এমনকি দুবেলা খাবারের জন্যও মানুষের কাছে হাত পাততেন তিনি। কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে, জরাজীর্ণ পোশাকে ঘুরে বেড়ানো এই মানুষটি কয়েক লক্ষ টাকার মালিক। এই বিপুল পরিমাণ টাকা তিনি কোথা থেকে পেলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর পরিবারের কেউ যদি এই অর্থের দাবি নিয়ে এগিয়ে আসেন, তবে আইনি প্রক্রিয়া মেনে টাকা আদালতে হস্তান্তর করা হবে।