রাজভবন ওড়ানোর হুমকি! রাজ্যপালকে প্রাণনাশের ই-মেল ঘিরে গভীর রাতে জরুরি বৈঠক

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের একবার প্রাণনাশের হুমকি দেওয়া হলো। এবার ই-মেলের মাধ্যমে সরাসরি রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার বার্তা পাঠিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সূত্রের খবর, এই হুমকি মেল পাওয়ার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে রাজভবনের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যপাল সি ভি আনন্দ বোস বর্তমানে ‘জ়েড প্লাস’ (Z+) ক্যাটেগরির নিরাপত্তা পান এবং তাঁর সুরক্ষায় কলকাতা পুলিশ ও সিআরপিএফ মোতায়েন থাকে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাঁর কাছে হুমকি বার্তা এসেছে। চরম উত্তেজনার আবহে রাজ্যপাল এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “বাংলার মানুষই আমাকে রক্ষা করবেন।” রাজ্যপালের এই অকুতোভয় পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে উদ্বেগ বেড়েছে।