দিল্লিতে ধুন্ধুমার! স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে শুয়ে পড়লেন সাংসদ, মহুয়া-শতাব্দীকে টেনেহিঁচড়ে তুলল পুলিশ

কলকাতার আই-প্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে এবার রণক্ষেত্র দিল্লির রাজপথ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে নজিরবিহীন বিক্ষোভে শামিল হন তৃণমূলের ৮ হেভিওয়েট সাংসদ। প্রায় ৪০ মিনিট ধরে প্ল্যাকার্ড হাতে কেন্দ্রীয় এজেন্সির ‘অতি-সক্রিয়তার’ বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ আসতেই শুরু হয় তীব্র ধস্তাধস্তি।
বিক্ষোভ চলাকালীন মথুরাপুরের সাংসদ বাপি হালদার স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনেই শুয়ে পড়েন। সাংসদ মহুয়া মৈত্র ও শতাব্দী রায়কে আক্ষরিক অর্থেই টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। অন্যদিকে, ডেরেক ও’ব্রায়েন পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লে তাঁকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে বিক্ষোভরত সব সাংসদকেই পার্লামেন্ট স্ট্রিট থানায় আটকে রাখা হয়েছে। নির্বাচনী আবহে ইডি-র এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে তৃণমূল।