১৫,০০০ কোটির বন্ড! ডিভোর্স মামলায় জোহো প্রধান শ্রীধর ভেম্বুকে নজিরবিহীন নির্দেশ মার্কিন আদালতের

বিশ্বের অন্যতম আইটি জায়ান্ট ‘জোহো’ (Zoho)-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর বিবাহবিচ্ছেদের মামলা এবার এক নাটকীয় মোড় নিল। ক্যালিফোর্নিয়ার একটি আদালত ভেম্বুকে ১.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে, বিচ্ছেদের প্রক্রিয়ার মাঝেই ভেম্বু গোপনে বৈবাহিক সম্পত্তি এবং কোম্পানির শেয়ার হস্তান্তর করেছেন।
প্রমিলা শ্রীনিবাসনের চাঞ্চল্যকর দাবি: ভেম্বুর স্ত্রী প্রমিলা শ্রীনিবাসন, যিনি নিজেও একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা, আদালতে দাবি করেছেন যে ভেম্বু তাঁর অজান্তেই জোহো কর্পোরেশনের শেয়ারের একটি বড় অংশ তাঁর এক সহযোগীর সংস্থায় সরিয়ে ফেলেছেন। প্রমিলার অভিযোগ, “বিয়ের সময় যে কোম্পানি তৈরি হয়েছিল, বিচ্ছেদের আবেদন করার পর ভেম্বু দাবি করছেন সেখানে তাঁর মালিকানা মাত্র ৫ শতাংশ। অথচ এই ব্যবসার শুরুতে আমি তাঁকে আর্থিকভাবে সহায়তা করেছিলাম।”
আদালতের কড়া অবস্থান: ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্ট জানুয়ারি ২০২৫-এ দেওয়া এক আদেশে জানিয়েছে, মামলার রেকর্ডে স্পষ্ট যে শ্রীধর ভেম্বু তাঁর স্ত্রীর স্বার্থকে উপেক্ষা করে আইন লঙ্ঘন করেছেন। আদালত জোহোর বিভিন্ন সত্তা তদারকির জন্য একজন ‘রিসিভার’ নিয়োগ করেছে এবং কোনো বড় কর্পোরেট পুনর্গঠন নিষিদ্ধ করেছে। ফোর্বস ২০২৫-এর তালিকা অনুযায়ী, ভেম্বু ও তাঁর ভাইবোনদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ডলার। তবে ভেম্বু সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জোহোতে তাঁর অংশীদারিত্ব বরাবরই ৫ শতাংশ ছিল। উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্যের পর ২০২১ সাল থেকে তাঁদের বিবাহবিচ্ছেদের আইনি লড়াই শুরু হয়।