ICC-র ধমকে সোজা পথে বাংলাদেশ! একেই বলে ‘ঠেলার নাম বাবাজি’!

একেই বলে ‘ঠেলার নাম বাবাজি’! পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার যে ‘নাটক’ শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB), আইসিসি-র কড়া অবস্থানে তা ভেস্তে গেল। বুধবার ৭ জানুয়ারি পরিষ্কার হয়ে গেল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। আইসিসি-র ধমক খেয়ে এখন সুর নরম করে বিসিবি বলছে— তারা আইসিসি-র সঙ্গেই কাজ করতে চায়। (ছবি- সংগৃহীত)
নিরাপত্তার ‘অজুহাত’ ধোপে টিকল না ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে ঢাল করে বাংলাদেশ দাবি তুলেছিল, ভারতের মাটিতে তাঁদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। তাই ইডেন-সহ ভারতের অন্যান্য ভেন্যু থেকে তাঁদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় করার আর্জি জানিয়েছিল তারা। কিন্তু আইসিসি ভার্চুয়াল মিটিংয়ে সাফ জানিয়ে দিয়েছে, ভেন্যু বদল অসম্ভব। ভারতেই খেলতে হবে বাংলাদেশকে।
সুর বদলাল বিসিবি আইসিসি-র চূড়ান্ত সিদ্ধান্তের পর মুখ পুড়েছে বিসিবি-র। এখন নিজেদের পিঠ বাঁচাতে তারা দাবি করছে, কোনো ‘আল্টিমেটাম’ তাদের দেওয়া হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা আইসিসি-র সঙ্গেই কাজ করতে চাই।” অথচ কয়েকদিন আগেও বিসিসিআই (BCCI)-এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার।
মুস্তাফিজুর ইস্যু ও পাকিস্তান যোগ বিতর্কের সূত্রপাত আইপিএল-এ কেকেআর (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় ইউনূস প্রশাসন। মজার বিষয় হলো, আইপিএল থেকে ব্রাত্য হয়ে মুস্তাফিজুর এখন পাকিস্তান সুপার লিগে (PSL) খেলার প্রস্তুতি নিচ্ছেন। ভারতের চরম শত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই নতুন ‘দোস্তি’ ক্রিকেট বিশ্বে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
ইডেনে ফিরবে বাংলাদেশ আইসিসি-র অনড় অবস্থানের ফলে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার পথ প্রশস্ত হলো। কলকাতার দর্শকদের সামনে টাইগাররা যখন খেলতে নামবে, তখন মাঠের পরিবেশ কেমন থাকে— এখন সেদিকেই নজর ক্রীড়াপ্রেমীদের।