১০০-র বদলে ২০০ পাওয়ারের ডোজ! ওষুধের দোকানের ভুলে অন্তঃসত্ত্বার গর্ভপাত, এলাকায় তুমুল উত্তেজনা

ডাক্তারের প্রেসক্রিপশন ছিল স্পষ্ট, তবুও নিজের মর্জিমতো ‘হাই পাওয়ার’ ওষুধ দিয়ে এক অন্তঃসত্ত্বার জীবন ছারখার করে দেওয়ার অভিযোগ উঠল এক ওষুধ বিক্রেতার বিরুদ্ধে। ভুল ওষুধ খাওয়ার জেরে দু’মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাত হয়ে যাওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের সালানপুর থানার জেমারি রেলগেট এলাকা।
স্থানীয় সূত্রে খবর, চাঁদনি মাহাতো নামে ওই অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ বোধ করায় তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক তাঁকে ১০০ পাওয়ারের নির্দিষ্ট কিছু ওষুধ লিখে দেন। অভিযোগ, জেমারি রেলগেট সংলগ্ন একটি মেডিকেল স্টোরে সেই প্রেসক্রিপশন নিয়ে গেলে দোকানদার চিকিৎসকের নির্দেশ তোয়াক্কা না করেই ডবল ডোজ অর্থাৎ ২০০ পাওয়ারের ওষুধ ধরিয়ে দেন। ওই ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চাঁদনির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, গর্ভপাত হয়ে গিয়েছে তাঁর।
এই খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ওই ওষুধের দোকান ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। রোগীর আত্মীয়দের দাবি, “দোকানদার পারতেন ওষুধ নেই বলে দিতে, কিন্তু লাভের জন্য কেন ডবল পাওয়ারের ওষুধ দিলেন?” যদিও অভিযুক্ত দোকানদারের দাবি, তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেই ডোজ পরিবর্তন করেছিলেন। তবে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেন এমন ঝুঁকি নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। শেষ পর্যন্ত সালানপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।