বাংলাদেশে ১৮ দিনে ৬ হিন্দু খুন! অগ্নিশর্মা শুভেন্দু, ওপার বাংলার রক্তক্ষয় নিয়ে মমতাকে চরম তোপ!

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় এবার সরাসরি রণংদেহি মেজাজে ধরা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৮ দিনে বাংলাদেশে ৬ জন হিন্দু ধর্মাবলম্বী মানুষের হত্যার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এই ইস্যুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের নিশানা করা হচ্ছে। ১৮ দিনের এই নৃশংস পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে। তবে তাঁর আক্রমণের প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দাবি, ওপার বাংলায় যখন সনাতনীদের ওপর এই চরম অত্যাচার চলছে, তখন ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে নিশ্চুপ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, প্রতিবেশী দেশের এই অস্থিরতা পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্যও উদ্বেগের।

সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বিরোধী দলনেতা বলেন, “সীমান্তের ওপারে রক্তের হোলি খেলা চলছে, আর এপারে তোষণ নীতিতে ব্যস্ত সরকার।” তিনি আরও অভিযোগ করেন যে, এই ইস্যুতে মুখ্যমন্ত্রী কেন কড়া ভাষায় নিন্দা জানাচ্ছেন না? বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে হস্তক্ষেপ করার অনুরোধ জানানোর পাশাপাশি, শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে হিন্দু নির্যাতনের প্রশ্নে তিনি এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন। ওপার বাংলার এই রক্তক্ষয়ী অধ্যায় এখন ওপার ছাপিয়ে এপার বাংলার রাজনীতিতেও বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।