ভুটান সীমান্তে বিপ্লব! ৭টি নদী পেরিয়ে আর নয়, এবার বাসে চেপে স্কুলে যাবে ডুয়ার্সের পড়ুয়ারা

আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত লাগোয়া সেন্ট্রাল ডুয়ার্স ও টোটোপাড়ার মতো প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের ‘শিশু সাথী’ প্রকল্পের অধীনে চালু হলো ৫টি নতুন স্কুল বাস পরিষেবা। পরিবহণের অভাবে যে পড়ুয়ারা এতদিন নিয়মিত স্কুলে যেতে হিমশিম খেত, এই সরকারি উদ্যোগে তাদের মুখে এখন চওড়া হাসি।

টোটোপাড়ার মতো দুর্গম এলাকায় পৌঁছাতে অন্তত ৭টি নদী পার হতে হয়। বর্ষাকালে নদীগুলি ফুলে-ফেঁপে উঠলে ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, ফলে পড়াশোনা শিকেয় উঠত পড়ুয়াদের। সেন্ট্রাল ডুয়ার্স এলাকাতেও বাসরা নদী পারাপার ছিল এক বড় চ্যালেঞ্জ। প্রশাসনের কাছে এই সমস্যার কথা জানিয়ে বারবার দাবি জানিয়েছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। অবশেষে ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, মুজনাই, সেন্ট্রাল ডুয়ার্স ও টোটোপাড়া এলাকা থেকে এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া চা বাগান জুড়ে।

স্থানীয় বাসিন্দা পেমা লামার কথায়, “রাজ্য সরকারের এই পদক্ষেপে পড়ুয়াদের যে কী বিশাল সুবিধা হলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।” এখন থেকে চা শ্রমিক পরিবারের সন্তানরা নিরাপদ ও নিশ্চিন্তে নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে।