বিশাল সুখবর! দুবরাজপুরবাসীর ঘরে ঘরে পৌঁছাবে পরিস্রুত জল, শুরু হচ্ছে মেগা প্রকল্পের কাজ

বীরভূমের দুবরাজপুর শহরবাসীর দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। আম্রুত ২.০ (AMRUT 2.0) প্রকল্পের অধীনে প্রায় ৩৯ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে একটি বিশাল পানীয় জল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এই মেগা প্রকল্পের জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দুবরাজপুর পৌরসভা সূত্রে খবর।

পুরসভা সূত্রে জানা গেছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট (MED) এই প্রকল্পের কাজ পরিচালনা করবে। শহরের ভৌগোলিক অবস্থানের কারণে ভূগর্ভস্থ জল পাওয়া প্রায় অসম্ভব। বিখ্যাত ‘মামা-ভাগ্নে’ পাহাড় সংলগ্ন পাথুরে এলাকা হওয়ায় টিউবওয়েল বা কুয়ো খনন করে জল পাওয়া যায় না। তাই প্রায় ১৪ কিলোমিটার দূর থেকে অজয় নদের জল পাইপলাইনের মাধ্যমে শহরে আনা হবে। রতনপুর-রসিদপুর থেকে জল তুলে ভীমগড়, গীতাভবন ও পাঁচড়া হয়ে তা দুবরাজপুর শহরে পৌঁছবে।

পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে জানান, শহরের ১৭ বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকায় উঁচু-নিচু ভূপ্রকৃতির কারণে জল সরবরাহ কঠিন ছিল। সমস্যা মেটাতে শহরে আরও দু’টি নতুন ওভারহেড রিজার্ভার (OHR) তৈরি করা হবে—একটি ১১ নম্বর ওয়ার্ডে এবং অন্যটি স্টেডিয়াম মাঠের কাছে। এর ফলে শহরের প্রতিটি বাড়িতে সরাসরি হাউস কানেকশনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে।