উত্তপ্ত নেপাল! মসজিদে ভাঙচুর ও সাম্প্রদায়িক উত্তেজনায় জারি কার্ফু, সম্পূর্ণ সিল ভারত সীমান্ত

প্রতিবেশী দেশ নেপালের পার্সা জেলার বীরগঞ্জ শহরকে কেন্দ্র করে ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং অশান্তি রুখতে ভারত-নেপাল সীমান্ত (বিহারের রাক্সৌল সংলগ্ন এলাকা) অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। নেপাল প্রশাসনের পক্ষ থেকে বীরগঞ্জ শহরে কার্ফু জারি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
অশান্তির সূত্রপাত ধানুষা জেলার কমলা মিউনিসিপ্যালিটির সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুরকে কেন্দ্র করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পুলিশের দাবি, পাল্টা প্রতিক্রিয়ায় হিন্দু বিরোধী ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগে উত্তেজনা চরমে ওঠে। রবিবার থেকে বীরগঞ্জে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীরা টায়র জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং স্থানীয় থানায় ভাঙচুর চালিয়ে পুলিশের ওপর ইট-বৃষ্টি করে। পরিস্থিতি সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়।
সীমান্তের নিরাপত্তায় থাকা সশস্ত্র সীমা বল (SSB) মৈত্রী ব্রিজ-সহ সাহাদেওয়া, মহাদেওয়া ও সংলগ্ন সমস্ত সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। ডগ স্কোয়াড নিয়ে চলছে কড়া তল্লাশি। ওদিকে নেপালের পরিস্থিতি বিগড়ে যাওয়ায় কাজ ছেড়ে দলে দলে ভারতীয় শ্রমিকরা দেশে ফিরতে শুরু করেছেন। বীরগঞ্জের বাজার ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকায় সেখানে চরম অস্থিরতা বিরাজ করছে।