জলের বদলে মিলবে না সন্ত্রাস! চেনাব অববাহিকায় বিশাল বাঁধ দিয়ে পাকিস্তানকে কোণঠাসা করছে দিল্লি

পাকিস্তানের কৃষি ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে এবার বড়সড় রণকৌশল নিল ভারত। সিন্ধু জলচুক্তিকে কার্যত একপাশে সরিয়ে রেখে জম্মু-কাশ্মীরের চেনাব (চন্দ্রভাগা) নদীর ওপর চারটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টর সম্প্রতি এলাকা পরিদর্শন করে সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই ‘পাকল দুল’ ও ‘কিরু’ প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। ভারতের এই পদক্ষেপে কার্যত ‘জলতৃষ্ণায়’ নাভিশ্বাস ওঠার জোগাড় পাকিস্তানের।

নজরকাড়া ৪টি মেগা প্রজেক্ট:

পাকল দুল (১০০০ মেগাওয়াট): এটি ভারতের সর্বোচ্চ (১৬৭ মিটার) বাঁধ হতে চলেছে। ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে এটি চালু হলে পশ্চিমের নদীগুলোর জল সঞ্চয়ের ক্ষমতা ভারতের হাতে চলে আসবে।

কিরু (৬২৪ মেগাওয়াট): পাকল দুলের সঙ্গেই এই প্রকল্পের সময়সীমাও ২০২৬-এর ডিসেম্বর করা হয়েছে।

কওয়ার ও রাটলে: যথাক্রমে ৫৪০ ও ৮৫০ মেগাওয়াটের এই দুই প্রকল্প ২০২৮-এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কেন কাঁপছে পাকিস্তান? পাকিস্তানের কৃষিকাজের প্রায় ৯২ শতাংশ নির্ভর করে সিন্ধু অববাহিকার ওপর। ভারত যদি এই বাঁধগুলোর মাধ্যমে জলপ্রবাহ নিয়ন্ত্রণ শুরু করে, তবে পাকিস্তানের চাষবাস ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইসলামাবাদের আশঙ্কা, ভারত জলকে এখন ‘কূটনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চাইছে। উল্লেখ্য, ২০২৫ সালে পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত সাফ জানিয়ে দিয়েছিল, সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি মেনে চলা সম্ভব নয়। সেই হুঁশিয়ারি মেনেই এবার চেনাব নদীতে গতি বাড়াল দিল্লি।