খড়গপুরে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জনবসতি এলাকায় ছড়াল আতঙ্ক, বড় বিপদের হাত থেকে রক্ষা পেল কলাইকুণ্ডা

সোমবার রাতে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুণ্ডা অঞ্চলের শোভাপুরে একটি স্ক্র্যাপ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎই ওই গুদাম থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত।

ত্রাতা হয়ে এল বেসরকারি দমকল খবর দেওয়া হয় সরকারি দমকল বিভাগে, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় দমকল পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পশ্চিম মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি সভাপতি গোপাল খাটুয়া তড়িঘড়ি যোগাযোগ করেন রেশমি গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে। খবর পাওয়ামাত্রই রেশমি গ্রুপের দুটি বড় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দ্রুত হস্তক্ষেপে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যে গুদামটিতে আগুন লেগেছিল, তার চারপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানি সহ ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছিল। গুদামটির মালিক শেখ মন্টু জানান, সেখানে প্রচুর পরিত্যক্ত ড্রাম ও স্ক্র্যাপ সামগ্রী মজুত ছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না থাকলেও, গুদামের কয়েক লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক থাকলেও, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা।