ট্রাম্পের হাতে কিসের ক্ষত? জেলেনস্কির সঙ্গে বৈঠকের মাঝেই ‘চড়া মেকআপ’ নিয়ে ঘনীভূত রহস্য!

মার-এ-লাগো বাসভবনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ২০ দফার শান্তি পরিকল্পনা ছাপিয়ে বিশ্বজুড়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ট্রাম্পের ডান হাত! জেলেনস্কির সঙ্গে করমর্দনের সময় দেখা যায়, ৭৯ বছর বয়সী ট্রাম্পের ডান হাতের তালুর উপরিভাগ চড়া মেকআপ বা কনসিলার দিয়ে ঢাকা। আর তাতেই দানা বেঁধেছে নতুন রহস্য—প্রেসিডেন্ট কি কোনও বড় শারীরিক সমস্যা আড়াল করছেন?

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই মেকআপ করা হাতের ছবি মুহূর্তেই ভাইরাল হয়। কেউ কেউ দাবি করছেন, ক্রমাগত আইভি (IV) ড্রিপ দেওয়ার কারণেই এই ক্ষত তৈরি হয়েছে যা ঢাকা দেওয়ার চেষ্টা চলছে। রসিকতা করে অনেকে একে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অতিপ্রাকৃত চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। তবে হোয়াইট হাউসের তরফে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বলা হয়েছে, অতিরিক্ত করমর্দনের কারণেই এই দৃশ্যমান ক্ষত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক অদ্ভুত ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “প্রেসিডেন্ট প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করেন। নিয়মিত অ্যাসপিরিন সেবন করার ফলে ওনার ত্বক কিছুটা সংবেদনশীল, আর ক্রমাগত হ্যান্ডশেকের কারণেই এই দাগ।” এর আগেও ট্রাম্পের হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। যদিও ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ, তবুও বছরের শেষে জেলেনস্কি বৈঠকের এই মেকআপ-রহস্য মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিল।