বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে বিরক্ত মোদী সরকার; রণধীর জয়সোয়ালের মন্তব্যে তীব্র উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলা এবং সম্প্রতি হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই ঘটনাকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে “অবিরাম বৈরিতা” (unremitting hostility) বলে বর্ণনা করেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লি যে অত্যন্ত বিরক্ত এবং উদ্বিগ্ন, তাঁর এই বক্তব্যে তা স্পষ্ট।
গত ১৮ ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় ঈশনিন্দার ভিত্তিহীন অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একটি উন্মত্ত জনতা। শুধু তাই নয়, হত্যার পর তাঁর দেহে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এই পাশবিক ঘটনার প্রতিবাদে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক আক্রমণ ও বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এই হত্যার তীব্র নিন্দা করি এবং আশা করি বাংলাদেশ সরকার অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনবে।”
নয়াদিল্লির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর প্রায় ২৯০০টিরও বেশি হিংসাত্মক ঘটনার রিপোর্ট সামনে এসেছে। এই সমস্ত ঘটনাকে কেবল ‘সংবাদমাধ্যমের বাড়াবাড়ি’ বা ‘রাজনৈতিক গোলমাল’ বলে উড়িয়ে দেওয়া যায় না। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। দীপুচন্দ্র দাসের খুনের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও, ভারতের নজর এখন দ্রুত ও নিরপেক্ষ বিচারের দিকে।