শীতের রোদে মায়াপুরে উপচে পড়া ভিড়! হরিণ-খরগোশ আর রাধামাধব দর্শনে পর্যটকদের ডেস্টিনেশন নবদ্বীপ

শীতের মিঠে রোদ আর জাঁকিয়ে ঠান্ডার আমেজে বড়দিনের উৎসবে মেতেছে গোটা বাংলা। আর এই উৎসবের মরশুমে অন্যতম আকর্ষণ হয়ে উঠল নদিয়ার নবদ্বীপ ও মায়াপুর। বছরের শেষ লগ্নে পিকনিক আর মন্দির দর্শনের টানে মায়াপুরে আজ আক্ষরিক অর্থেই জনজোয়ার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে মায়াপুরের ইসকন মন্দির থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন ঘাটে তিল ধারণের জায়গা ছিল না।

নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠ ছিল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেখানে থাকা ফুলের বাগান, হরিণ, খরগোশ এবং সরোবরের মাঝখানে রাধামাধবের মন্দির খুদে থেকে বড়—সবার মন কেড়ে নিয়েছে। অনেক পর্যটকই বড়দিনের ছুটিতে এই মনোরম পরিবেশে পিকনিকের আসর জমিয়েছিলেন। জাঁকিয়ে ঠান্ডা পড়ায় পর্যটকদের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও ভিড় সামলাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিটি মঠ ও মন্দিরের সামনে ছিল পুলিশি নজরদারি। নবদ্বীপের অলিগলি থেকে মায়াপুরের মন্দির চত্বর—সর্বত্রই ছিল উৎসবের মেজাজ আর দেদার খাওয়া-দাওয়া। বছরের শেষ রবিবাসরীয় ছুটিতে এই ভিড় আরও বাড়বে বলে আশা করছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।