সমুদ্রের ২০ ফুট নিচে ভরতনাট্যম! ১১ বছরের বালিকার অসাধ্য সাধনের নেপথ্যে কোন মহৎ উদ্দেশ্য?

পাথুরে, এবড়োখেবড়ো আর উঁচুনিচু মাটির মেঝে— সমুদ্রের ২০ ফুট নিচে এটিই ছিল তার স্টেজ। কোনো লাইক বা শেয়ারের নেশায় নয়, বরং এক বৃহত্তর লক্ষ্যে নীল জলের গভীরে নেমে গেল ১১ বছরের বালিকা থারাগাই আরাথানা। পুদুচেরির এই ছোট্ট মেয়েটি সমুদ্রের অতলে ভারতের প্রাচীন ধ্রুপদী নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। কিন্তু কেন এই বিপজ্জনক প্রচেষ্টা?

উত্তরে লুকিয়ে আছে এক মহৎ সামাজিক বার্তা। থারাগাইয়ের এই নাচের মূল উদ্দেশ্য ছিল ‘সমুদ্র রক্ষা’। বর্তমানে সমুদ্রের তলদেশে প্লাস্টিকের পাহাড় জমছে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিককে খাবার ভেবে খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ধ্বংসলীলা রুখতেই বিশ্ববাসীকে সচেতন করতে সমুদ্রের নিচে ভরতনাট্যমের নির্দিষ্ট পোশাক ও গয়না পরে নৃত্য পরিবেশন করে সে। তার এই অসামান্য সাহসিকতা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটনাগরিকরা এই ছোট্ট ‘জলপরী’র প্রশংসায় পঞ্চমুখ।