ব্যবসায়ীর ছেলেকে ফাঁসাবো বলে ফন্দি, দেড় কোটি টাকা নিতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই প্রতারক।

শ্লীলতাহানির ভুয়ো অভিযোগে এক ব্যবসায়ীকে ফাঁসিয়ে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে মুম্বইয়ে। এই ঘটনায় মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল দুই মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হেমলতা আদিত্য পাটকর ওরফে হেমলতা বানে (৩৯) এবং আমরিনা ইকবাল জাভেরি ওরফে আমরিনা ম্যাথিউ ফার্নান্ডেজ (৩৩)। অভিযোগ, তারা সাজানো মামলায় এক ব্যবসায়ীর ছেলেকে ফাঁসিয়ে বিপুল টাকা আদায়ের ছক কষেছিল।

ঘটনার সূত্রপাত গত ১৪ নভেম্বর রাতে। গোরেগাঁওয়ের নামী ব্যবসায়ী অরবিন্দ গোয়ালের ছেলে ঋতম গোয়ালের বাগদান উপলক্ষে আম্বোলি এলাকার একটি হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। অভিযোগকারী জানান, ১৫ নভেম্বর ভোরে লিফটে করে নামার সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা ঋতমের সঙ্গে ঝামেলা শুরু করেন। দাবি করা হয়, ঋতম নাকি তাঁর দিকে লেজার লাইট ফেলেছেন। এই বচসা থেকে আম্বোলি থানায় শ্লীলতাহানির একটি মামলা দায়ের করা হয়।

মামলা রুজু হওয়ার পরই শুরু হয় আসল খেলা। অভিযোগকারীর পরিবারের কাছে আদালতের বাইরে মামলা মিটিয়ে নেওয়ার জন্য ১০ কোটি টাকা দাবি করেন ধৃত দুই মহিলা। হুমকি দেওয়া হয় যে, টাকা না দিলে ওই ব্যবসায়ীর ছেলেকে সারাজীবনের জন্য জেলে পচতে হবে এবং পরিবারের সম্মান নষ্ট হবে। দীর্ঘ দর কষাকষির পর ৫.৫ কোটি টাকায় রফা হয়।

তবে অরবিন্দ গোয়াল দমে না গিয়ে পুলিশের দ্বারস্থ হন। মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ব্যবসায়ীর সাথে মিলে ফাঁদ পাতে। লোয়ার পারেল এলাকায় ১.৫ কোটি টাকার নগদ (নকল নোট সহ) নিতে আসতেই ওই দুই মহিলাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পিছনে উৎকর্ষ নামে এক তৃতীয় ব্যক্তি জড়িত বলে জানা গিয়েছে, যে বর্তমানে পলাতক। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।