উত্তরবঙ্গে ‘কোল্ড ডে’-র সতর্কতা, দক্ষিণে কি তুষারপাতের আমেজ? আবহাওয়া দপ্তরের বড় আপডেট

বড়দিন কাটতেই মেজাজ বদলেছে প্রকৃতির। উত্তর থেকে দক্ষিণ—গোটা রাজ্য এখন কনকনে ঠান্ডার কবলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় শীতের স্পেল শুরু হয়ে গিয়েছে। আগামীকাল কলকাতার তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিন পারদ ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থিতু হতে পারে। বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে, যা পিকনিকের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
তবে দক্ষিণবঙ্গের চেয়েও কঠিন পরিস্থিতি উত্তরবঙ্গে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ ও আগামীকাল ‘শীতল দিন’ বা (Cold Day) পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই দুই জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম থাকতে পারে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় কার্যত বরফ পড়ার মতো কনকনে অনুভূতি হবে। সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট।
যদিও এই হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই কিছুটা দুশ্চিন্তার খবর শুনিয়েছেন আবহাওয়াবিদরা। বছরের একেবারে শেষে অথবা নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে। পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত আগামী কয়েকদিন কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা।