“কংগ্রেসের তোষণ নীতিই অসমের সংস্কৃতির শত্রু”! বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর অভিযোগ, অসম প্রদেশ কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ এক নেতা দাবি তুলেছেন যে রাজ্যের ৪০ শতাংশ বিধানসভা আসন মুসলিমদের জন্য সংরক্ষিত করা উচিত। মুখ্যমন্ত্রীর মতে, স্বাধীনতার সময় ১৫ শতাংশ থাকা মুসলিম জনসংখ্যা এখন ৪০ শতাংশে পৌঁছেছে এবং কংগ্রেস ভোটব্যাঙ্কের লোভে ভূমিপুত্রদের অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি একে কংগ্রেসের ‘আসল তোষণকারী চেহারা’ বলে অভিহিত করেছেন।

পাল্টা জবাবে অসম কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘বিজেপির বিভাজনের রাজনীতি’ বলে উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসের দাবি, ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষণের কোনো সাংবিধানিক সুযোগই নেই, তাই এমন আজগুবি দাবি কেউ করেননি। হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আসল সমস্যা থেকে নজর ঘোরাতে চাইছেন বলেও কটাক্ষ করেছে হাত শিবির। আসন্ন নির্বাচনের আগে এই জনসংখ্যা ও আসন সংরক্ষণের বিতর্ক যে অসমের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে, তা স্পষ্ট।