“মমতা আর ইউনূসের মধ্যে তফাৎ নেই!” বাংলাদেশ ইস্যু টেনে বিস্ফোরক শুভেন্দু

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে দাঁড়িয়ে শাসকদল এবং প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান প্রশাসনকে একই বন্ধনীতে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কার্যত অগ্নিগর্ভ মেজাজে তিনি দাবি করেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই। দুই জায়গাতেই আক্রমণকারীরা এক, শুধু ভৌগোলিক অবস্থানটা আলাদা।”

কলকাতা পুলিশের তীব্র সমালোচনা করে শুভেন্দু অভিযোগ করেন, দিপু দাসের মতো আক্রান্তদের নিয়ে মুখ্যমন্ত্রী বা হুমায়ুন কবীরদের মুখে কোনো কথা নেই। তাঁর দাবি, পুলিশ শুধুমাত্র বিরোধী কণ্ঠরোধে ব্যস্ত। তিনি কড়া ভাষায় বলেন, “রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনুন, এই সব অরাজকতা এক নিমেষে বন্ধ হয়ে যাবে।”

এদিন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি সাফ জানান, ওপার বাংলায় হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, তা নিয়ে এপার বাংলার মানুষ চুপ করে থাকবে না। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।