গানের পর এবার পরিচালনায় ‘ম্যাজিক’ দেখাবেন অরিজিৎ সিং! জিয়ারতগঞ্জের ভূমিপুত্রের ছবিতে ডেবিউ করছেন নওয়াজ-কন্যা?

প্রেম হোক বা বিরহ, বিষাদ হোক বা উদ্দাম পার্টি— বাঙালির মনের সব আবেগেই যার গান ধ্রুবতারা, তিনি অরিজিৎ সিং। তবে এবার আর শুধু গায়ক বা সুরকার হিসেবে নয়, অরিজিৎ ধরা দিতে চলেছেন এক সম্পূর্ণ নতুন অবতারে। এবার ক্যামেরা হাতে ‘অ্যাকশন’ বলতে শোনা যাবে তাঁকে। বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকীর হাতেখড়ি হতে চলেছে অরিজিতের হাত ধরেই।
পরিচালক অরিজিতের তুরুপের তাস শোরা? খবর অনুযায়ী, অরিজিৎ সিং তাঁর দ্বিতীয় ছবি ‘ভয়’-এর পরিচালনার কাজে হাত দিয়েছেন। এই ছবিতেই ডেবিউ করতে চলেছেন নওয়াজ-কন্যা শোরা। শুধু শোরা নয়, এই ছবিতে স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকীরও অভিনয় করার কথা রয়েছে। তিনটি ছোট গল্পের কোলাজ নিয়ে তৈরি হবে এই সিনেমাটি। উল্লেখ্য, অরিজিতের প্রথম পরিচালিত ছবি ‘সা’ (Sa) এখনও মুক্তির অপেক্ষায়, তার আগেই দ্বিতীয় ছবির কাজ অনেকটা এগিয়ে ফেলেছেন জিয়ারতগঞ্জের এই ভূমিপুত্র।
বিদেশে পাড়ি ও সৌরভের সঙ্গে ভাইরাল সেলফি বর্তমানে শ্যুটিংয়ের মাঝপথেই সস্ত্রীক বিদেশে পাড়ি দিয়েছেন গায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে বিমানের বিজনেস ক্লাসে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েলকে। দক্ষিণ আফ্রিকাগামী সেই বিমানে সাদা টি-শার্ট আর ডেনিম জ্যাকেটে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছিলেন অরিজিৎ। পাশে সাদা টুপি মাথায় চেনা মেজাজে ছিলেন দাদা। জানা গিয়েছে, সৌরভ দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন ‘SA20’ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব সামলাতে। তবে অরিজিৎ সিং কেন স্ত্রীসহ বিদেশে পাড়ি দিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অনেকের মতে, নিজের নতুন ছবির কোনো কাজের সূত্রেই এই বিদেশ সফর।
আসছে নতুন চমক গান দিয়ে বিশ্বজয় করার পর পরিচালনায় অরিজিৎ কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা। নওয়াজউদ্দিনের মতো মেথড অ্যাক্টরের মেয়েকে তিনি পর্দায় কীভাবে তুলে ধরেন, তা নিয়ে বি-টাউনে এখন থেকেই শুরু হয়েছে গুঞ্জন। বিদেশ থেকে ফিরেই ফের পুরোদমে শ্যুটিং ফ্লোরে নামবেন অরিজিৎ।