উত্তরবঙ্গবাসীর জন্য বড় খবর! ১৭ জানুয়ারি উদ্বোধন হচ্ছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন।

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেটার পথে। আগামী ১৭ জানুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। উদ্বোধনের আগে প্রস্তুতির চূড়ান্ত পর্ব খতিয়ে দেখতে আজ জলপাইগুড়ি পৌঁছালেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং অন্যান্য বিচারপতিরা।
প্রস্তুতি তুঙ্গে, পরিদর্শনে হেভিওয়েটরা শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর সংলগ্ন এলাকায় নবনির্মিত স্থায়ী ভবনটি ঘুরে দেখেন বিচারপতিরা। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও খামতি না থাকে, তার জন্য জেলাশাসক শমা পারভিন এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ভবনের পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা— সব দিক খুঁটিয়ে দেখেন তাঁরা।
একই মঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আইন দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতজন ভিভিআইপি-র উপস্থিতির কারণে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান এর আগে যখন বর্তমান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ল্যান্ড ডিড হস্তান্তরের সময় জলপাইগুড়ি এসেছিলেন, তখন থেকেই কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকারও একাধিকবার এলাকা পরিদর্শন করে কাজের তদারকি করেছেন। পাহাড়পুরে এই স্থায়ী ভবনটি চালু হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে বিচার পাওয়ার জন্য আর বারবার কলকাতা ছুটতে হবে না।
আইনি পরিষেবা এবং পরিকাঠামোর নিরিখে এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।