ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ! সপ্তাহান্তেই হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।

ডিসেম্বরের শেষে ফের রেল দুর্ভোগের কবলে যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশনের আপ নৈহাটি লাইনে ডায়মন্ড ক্রশিং নবীকরণের কাজের জন্য ট্রাফিক ব্লক নেওয়া হবে।

এই ব্লক কার্যকর হবে ২০ ডিসেম্বর শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ২১ ডিসেম্বর রবিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত। এর জেরে শনিবার রাতে নৈহাটি থেকে ৩৭৫৫৭, ব্যান্ডেল থেকে ৩৭২৮৪ এবং হাওড়া থেকে ৩৭২৮৯ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে। ভোগান্তি চলবে রবিবার সকালেও; বাতিল করা হয়েছে নৈহাটি থেকে ৩৭৫২১ এবং ব্যান্ডেল থেকে ৩৭৫২২ নম্বর ট্রেন।

বাতিল ছাড়াও বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। রবিবার হাওড়া-বর্ধমান মেমু (৬৩৫০১) ট্রেনটি নির্ধারিত রুটের বদলে ডানকুনি-বর্ধমান হয়ে চলাচল করবে। বছরের শেষে যখন ভ্রমণের ভিড় তুঙ্গে, সেই সময় এমন সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেলের তরফে এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।