মোদীর সভায় গিয়ে মৃত্যুমিছিল! ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৪ বিজেপি কর্মী, শোকস্তব্ধ বড়ঞা।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। শনিবার সকালে নদিয়ার তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে চারজনের। মৃতরা সকলেই মুর্শিদাবাদের বড়ঞা এলাকার বাসিন্দা। ঘন কুয়াশার জেরে রেললাইনে দৃশ্যমানতা কম থাকায় এই বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, বড়ঞা থেকে একটি বাসে করে জনা চল্লিশের একটি দল তাহেরপুরে পৌঁছেছিল। দীর্ঘ যাত্রার পর সকালে রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গেলে আচমকাই ট্রেন চলে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপীনাথ দাস (৫২), মুক্তিপদ সূত্রধর (৫৬) এবং রামপ্রসাদ ঘোষের (৫৫)। পরে হাসপাতালে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজনৈতিক রং না দেখে মানবিকতার খাতিরে এগিয়ে আসে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড়ঞার তৃণমূল নেতৃত্ব মৃতদের বাড়িতে পৌঁছে সমবেদনা ও সাহায্যের আশ্বাস দেন। রাজনৈতিক মহলের মতে, বিজেপি নেতৃত্ব যখন মোদীর সফর নিয়ে ব্যস্ত, তখন দ্রুত পদক্ষেপ করে ঘর গুছিয়ে নিয়েছে শাসকদল। তৃণমূলের দাবি, বিপদের দিনে মানুষের পাশে থাকাই তাদের ধর্ম। এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সশরীরে তাহেরপুরে পৌঁছাতে পারেননি এবং ভার্চুয়ালি ভাষণ দেন।