রণক্ষেত্র ঢাকা, শাহবাগে গগনভেদী স্লোগান! হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ, নিশানায় কি ভারত?

ছাত্র আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ফের অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শাহবাগ চত্বর থেকে শুরু করে রাজধানীর অলিগলি— সর্বত্রই এখন ‘নারায়ে তাকবীর’ স্লোগান আর তীব্র ভারত-বিদ্বেষী উন্মাদনা। এই উত্তাল পরিস্থিতির আড়ালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে ঘনিভূত হচ্ছে বড়সড় নাশকতার মেঘ।
কে এই শরীফ ওসমান হাদি? ২০২৪-এর ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি। কট্টর ভারত-বিরোধী হিসেবে পরিচিত এই নেতা গত সপ্তাহে নির্বাচনী প্রচারের সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হন। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েছে ওপার বাংলার একাংশ।
জঙ্গি যোগ ও ভারতের নিরাপত্তা ঝুঁকি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবথেকে উদ্বেগের বিষয় হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (ABT)-এর সক্রিয়তা। আল-কায়েদার ঘনিষ্ঠ এই সংগঠনের প্রধান জসিমুদ্দিন রহমানী জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই খোলাখুলি ভারতকে হুমকি দিচ্ছেন। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে:
ISI কানেকশন: এবিটি-র সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর গভীর আঁতাত রয়েছে।
টার্গেট উত্তর-পূর্ব ভারত: রহমানী ভারতের ১৮ কোটি মুসলমানকে একত্রিত করে যুদ্ধের ডাক দিয়েছেন এবং উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন।
শিলিগুড়ি করিডোর: সম্প্রতি অসমে গ্রেফতার হওয়া জঙ্গিদের বয়ান অনুযায়ী, ভারতের ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরকে লক্ষ্য করে বড়সড় অশান্তি ছড়ানোর ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে।
ইউনুস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামি উগ্রবাদী শক্তির উত্থান ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, ড. ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জামায়াত-ই-ইসলামী ও এবিটি-র মতো সংগঠনের নেতাদের মুক্তি দিয়েছে। শাহবাগের বিক্ষোভ আর ভারতীয় ভিসা সেন্টারগুলোতে হামলার চেষ্টা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে।
গোয়েন্দাদের আশঙ্কা, হাদির মৃত্যুকে ঢাল করে উগ্রবাদী শক্তিগুলো বাংলাদেশে চরম অরাজকতা সৃষ্টি করতে চাইছে, যার আঁচ সরাসরি এসে পড়তে পারে ভারতের সীমান্তে। নয়াদিল্লি ইতিমধ্যেই গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি শুরু করেছে।