একবার নয়, দুবার! হর্ষ-ভারতীর কোল আলো করে এল ফের পুত্রসন্তান, শুভেচ্ছার জোয়ার অনুরাগী মহলে

খুশির খবর বিনোদন জগতে! দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। বড় দাদা ‘গোল্লা’র (লক্ষ্য) খেলার সঙ্গী হিসেবে লিম্বাচিয়া পরিবারে এল আরও এক পুত্রসন্তান। শুক্রবার সকালেই মুম্বইয়ের এক হাসপাতালে ফুটফুটে এক শিশুর জন্ম দিয়েছেন ভারতী। আপাতত মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
সেট থেকে সোজা হাসপাতাল: এদিন সকালে ভারতীর জন্য দিনটি ছিল কাজের। টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ের জন্য নির্ধারিত সময়ে সেটে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু কাজ শুরুর আগেই আচমকা শারীরিক অসুস্থতা বোধ করেন শিল্পী। প্রসব বেদনা শুরু হতেই স্বামী হর্ষ লিম্বাচিয়া এক মুহূর্ত দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই জন্ম হয় লিম্বাচিয়া পরিবারের নতুন অতিথির।
মেটারনিটি ফটোশুটে নজর কেড়েছিলেন: কিছুদিন আগেই সুইজারল্যান্ড ভ্রমণের সময় নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভারতী। নীল রঙের সিল্ক গাউনে তাঁর মেটারনিটি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। হাসিখুশি ভারতী ক্যাপশনে লিখেছিলেন, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শীঘ্রই আসছে।’
গোল্লা এখন বড় দাদা: ভারতী ও হর্ষের প্রথম সন্তান লক্ষ্যের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় আকাশছোঁয়া। সবাই তাকে আদর করে ‘গোল্লা’ বলে ডাকে। এখন থেকে গোল্লার কাঁধে এল বড় দাদার দায়িত্ব। দুই ছেলের বাবা-মা হয়ে ভারতী ও হর্ষের আনন্দ এখন দ্বিগুণ। হর্ষ ও ভারতীর ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের তারকারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।