“এবার মেডেলের রং বদলাতে চাই!” কলকাতায় এসে নীরজ চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ মার্কিন স্প্রিন্টার কেনি বেডনারেক।

তিলোত্তমার রাজপথে দৌড় শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২১ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন (TSW 25K)। আর এই মেগা ইভেন্টের আগে শহরবাসীর উন্মাদনা বাড়িয়ে বৃহস্পতিবার কলকাতায় পা রাখলেন দু’বারের অলিম্পিক রুপোজয়ী মার্কিন স্প্রিন্টার কেনি বেডনারেক।

খুদেদের সঙ্গে অলিম্পিয়ান: কলকাতায় পৌঁছেই কেনি চলে যান জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন স্কুলে। সেখানে পড়ুয়াদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন তিনি। শুধু গল্প নয়, টোকিও অলিম্পিকে জেতা তাঁর সেই অমূল্য ২০০ মিটারের রুপোর পদকটিও ছাত্রছাত্রীদের দেখান কেনি। অলিম্পিক মেডেল চোখের সামনে দেখে উত্তেজনায় ফুটছিল খুদে পড়ুয়ারা।

কে এই কেনি বেডনারেক? মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা অ্যাথলিট বিশ্ব অ্যাথলেটিক্সের অন্যতম পরিচিত নাম:

টোকিও অলিম্পিক (২০২০): ২০০ মিটার দৌড়ে রুপোর পদক জয়।

প্যারিস অলিম্পিক (২০২৪): ২০০ মিটারে ফের রুপো জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ।

বিশ্ব চ্যাম্পিয়নশিপ: ২০২২ সালেও ২০০ মিটারে রুপো জিতেছিলেন তিনি।

নীরজ বন্দনা ও সোনার স্বপ্ন: কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেনি ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়ার প্রশংসা করেন। তিনি বলেন, “আমি জানি নীরজ অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করেছে। ও যখন জ্যাভেলিন ছুড়ছিল, আমি ট্র্যাকেই ছিলাম। দারুণ অভিজ্ঞতা সেটা।” নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর স্পষ্ট বার্তা, “দু’বার রুপো পেয়েছি, এবার লক্ষ্য মেডেলের রং বদলে সোনা করা।”

ম্যারাথনের মুখ: এবারের ম্যারাথনে কেনি বেডনারেকের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া এবং টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেনি কলকাতার মানুষকে আহ্বান জানিয়েছেন বিপুল সংখ্যায় এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য।

২১ ডিসেম্বরের সকালে রেড রোডে অলিম্পিক তারকার উপস্থিতি যে ম্যারাথনের গরিমা কয়েকগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।