“রোজ অন্তত ১০০ শুনানি করবেন ERO ও AERO”- SIR-এর হিয়ারিং লেটার বিলি শুরু

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এবার শুরু হচ্ছে শুনানির (Hearing) তোড়জোড়। কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই শুনানির নোটিস বা চিঠি বিলি করার কাজ শুরু হচ্ছে।
শুনানির দিনক্ষণ নিয়ে কী বললেন সিইও? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই মূল শুনানি প্রক্রিয়া শুরু হতে পারে। তিনি বলেন, “বৃহস্পতিবার থেকেই ইসি নোটিস তৈরির কাজ শুরু করবে। ওই নোটিস বা চিঠিতেই সংশ্লিষ্ট ভোটার জানতে পারবেন তাঁর শুনানির তারিখ, সময় এবং নির্দিষ্ট স্থান।”
কমিশনের বিশাল প্রস্তুতি: তালিকায় ভুল সংশোধন এবং স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে কমিশন:
-
আধিকারিক নিয়োগ: বর্তমানে ২৯৪ জন ERO এবং ৩০৫৯ জন AERO নিযুক্ত রয়েছেন। তবে ভিড় এড়াতে আরও ২৮০০ জন ERO নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
-
কড়াকড়ি: প্রতিটি আধিকারিক দিনে সর্বাধিক ১০০টি শুনানি করবেন যাতে কোনও তাড়াহুড়ো বা ভুল না হয়।
-
সময়সীমা: আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি পর্ব।
কাদের ডাকছে কমিশন? কমিশন সূত্রে বড় খবর, প্রথম দফায় নোটিস পাঠানো হচ্ছে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে। অর্থাৎ ২০০২ সালের SIR-এর সঙ্গে যাঁদের তথ্যের কোনও মিল পাওয়া যায়নি, অথচ ২০২৬-এর খসড়া তালিকায় নাম রয়েছে—তাঁদের নথিপত্র নিয়ে শুনানিতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এছাড়া যারা নতুন ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন, তাঁদেরও ডাকছে কমিশন।
ভোটারদের জন্য জরুরি: যাঁদের বাড়িতে নোটিস পৌঁছাবে, তাঁদের নির্দিষ্ট নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট অফিসারের সামনে হাজির হতে হবে। তবেই চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করা সম্ভব হবে।