পকেটে এক টাকাও লাগবে না! ডিসেম্বরে শহরের ১৮টি পার্কে বসছে রাজকীয় ফুলের মেলা, তালিকায় আপনার পাড়া নেই তো?

শীতের শহরে বড়দিনের আমেজ আর নতুন বছরের পিকনিক— এই দুইয়ের মাঝেই শহরবাসীর জন্য এক দারুণ সুখবর নিয়ে এল কলকাতা পুরনিগম। চিড়িয়াখানা বা জাদুঘরের ভিড় এড়িয়ে এবার মানুষ মন কাড়তে পারেন পুরনিগমের ১৮টি বাহারি উদ্যানে। যেখানে প্রদর্শিত হবে দেশ-বিদেশের নানা ফুল ও ফলের সমারোহ, আর তা দেখার জন্য দর্শককে পকেট থেকে খরচ করতে হবে না একটি পয়সাও!

কবে ও কোথায় এই প্রদর্শনী? কলকাতা পুরনিগম সূত্রে খবর, আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পুষ্প প্রদর্শনী। শহর জুড়ে মোট ১৮টি উদ্যানে ধাপে ধাপে এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। যার মধ্যে বড় আকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে চেতলা পার্ক, টালা পার্ক এবং মোহর কুঞ্জে।

তালিকায় হিমালয়ের ফুল থেকে মিয়াজাকি আম: এবারের প্রদর্শনীর সবচেয়ে বড় চমক হতে চলেছে হিমাচল প্রদেশের ‘শঙ্খপুষ্পি’। বিশেষ বরফ দিয়ে কৃত্রিম আবহাওয়া তৈরি করে এই গাছগুলিকে তিলোত্তমায় বড় করে তোলা হয়েছে। এছাড়াও থাকছে:

ডালিয়া ম্যাজিক: সাহিত্য সম্রাট, কেনিয়া, শচীন, সৌরভের মতো ডালিয়ার ৪০টি ভিন্ন প্রজাতি।

ফুলের মেলা: ৫০ ধরনের ফুল যেমন— চন্দ্রমল্লিকা, পমপম, গাঁদা, ডায়ান থাস, অস্টার, শ্যালভিয়া এবং লিলিয়াম।

ফলের রাজা: বিশ্বের সবচেয়ে দামী আম ‘মিয়াজাকি’ থেকে শুরু করে ভাস্তারা ও বারোমাসি আম।

সবজি ও ঘর সাজানোর গাছ: টাটকা বাঁধাকপি, লেটুসের পাশাপাশি থাকবে বনসাই, অর্কিড এবং স্নেক প্ল্যান্টের মতো এয়ার পিউরিফায়ার সেকশন।

৩০০ মালির অক্লান্ত পরিশ্রম: শহরবাসীকে এক টুকরো রঙিন স্বর্গ উপহার দিতে দিনরাত এক করে কাজ করছেন পুরনিগমের ৩০০-রও বেশি মালি। ১৪টি নিজস্ব নার্সারিতে গত কয়েক মাস ধরে সযত্নে লালিত হচ্ছে এই চারাগুলি। উদ্যানগুলি সাজানোর পাশাপাশি এলাকায় এলাকায় মাইকিং এবং ব্যানার দিয়ে প্রচার চালানো হবে বলেও জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

পরিবার আর বন্ধুদের নিয়ে ছুটির দুপুরে রোদ মেখে রঙিন ফুলের মাঝে সময় কাটানোর এমন সুযোগ হাতছাড়া না করাই বুদ্ধিমানের কাজ।