মেসি-কাণ্ডে মন্ত্রিত্ব ত্যাগ! অরূপের পদত্যাগপত্রে লাল কালির দাগ শুভেন্দুর, বানান ভুলে তোলপাড় রাজ্য রাজনীতি!

যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক অবশেষে এক নাটকীয় মোড় নিল। মঙ্গলবার রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। তবে পদত্যাগ করেই রেহাই পেলেন না তিনি; তাঁর হাতে লেখা ইস্তফাপত্র ঘিরে এবার শুরু হয়েছে হাসাহাসি ও তীব্র রাজনৈতিক কটাক্ষ।
ইস্তফা গ্রহণ মুখ্যমন্ত্রীর, দায়িত্বে খোদ মমতা
সূত্রের খবর, অরূপ বিশ্বাস নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। তদন্তের স্বার্থে এবং নৈতিকতার খাতিরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। মুখ্যমন্ত্রীও তাঁর সেই আবেদন মঞ্জুর করেছেন। আপাতত ক্রীড়া দফতরের দায়িত্বভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বানান ভুলে ভরা চিঠি! লাল কালি বোলালেন শুভেন্দু
অরূপ বিশ্বাসের এই পদত্যাগকে কেন্দ্র করে নতুন করে বির্তকের আগুন জ্বালিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাসের হাতে লেখা পদত্যাগপত্রটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, চিঠির পাতায় পাতায় বানান ভুলের ছড়াছড়ি!
শুভেন্দু অধিকারী লাল কালি দিয়ে সেই ভুলগুলো চিহ্নিত করে পোস্ট করেছেন। দেখা গিয়েছে:
‘ক্রীড়ামন্ত্রী’-র বদলে লেখা হয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’।
‘পরিপ্রেক্ষিতে’-র জায়গায় লেখা ‘পরিপেক্ষিতে’।
‘ক্রীড়াঙ্গন’-এর পরিবর্তে লেখা হয়েছে ‘ক্রিয়াঞ্জনে’।
শুভেন্দু কটাক্ষ করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য আজ মানুষ ‘ক্রিয়ামন্ত্রী’র থেকে অব্যাহতি চাইছেন।”
গ্রেফতারির দাবিতে সরব বিরোধী শিবির
শুভেন্দু অধিকারী এই পদত্যাগকে কেবল ‘আইওয়াশ’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র ইস্তফা দিলেই হবে না, অরূপ বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না।” ৩০০ কোটির দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলকে বিঁধতে ছাড়েননি তিনি।
নীরব তৃণমূল শিবির
এই বানান-বিভ্রাট এবং শুভেন্দু অধিকারীর আক্রমণ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে একজন ক্যাবিনেট মন্ত্রীর চিঠিতে এই ধরণের প্রাথমিক বানান ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।