৬৪ হাজার ভোটারের নাম বাদ? ফিরহাদ হাকিমের হুঙ্কার- ‘আমাকে হারানোর মতো কেউ এখনও জন্মায়নি!’

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নিজের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর থেকে প্রায় ৬৩ হাজার ৭৩০ জন ভোটারের নাম বাদ পড়তে পারে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও রাজ্যের এই প্রভাবশালী মন্ত্রী চরম আত্মবিশ্বাসী।
রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।”
উল্লেখ্য, এসআইআর পর্বের শুরুতেই এই পোর্ট এলাকা থেকে বিএলও-দের (Booth Level Officer) একাংশ অভিযোগ তুলেছিলেন যে, সেখানে অনেক মৃত ভোটারের নাম জোর করে তালিকায় রাখার চেষ্টা চলছে। এমনকি, বিএলও-দের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে, যার ফলে তাঁরা নিরাপত্তার দাবি জানান।
এই পরিস্থিতিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর কমিশন সূত্রে জানা যাচ্ছে, কলকাতার দুটি বিধানসভা—চৌরঙ্গী এবং জোড়াসাঁকোতে প্রতি তিন জন ভোটারের মধ্যে এক জনের নাম বাদ যাচ্ছে। এছাড়া, শহরের মোট ৯টি বিধানসভা কেন্দ্রে প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের নাম বাদ যেতে চলেছে। পর্যবেক্ষকদের মতে, এই পরিসংখ্যান শাসকদলের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।
তবে এই কড়াকড়ির মধ্যেও অনড় ফিরহাদ। তাঁর বক্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা দাবি করেছেন যে, সংখ্যালঘুদের মধ্যেই কেউ ফিরহাদ হাকিমকে পরাজিত করবেন।