বাঁকুড়ার ‘সাধ্যের হল’, নামমাত্র খরচে বিয়ের ব্যবস্থা, ছাতনার খড়বনায় কমিউনিটি হল উপহার দিল জেলা পরিষদ

বাঁকুড়া জেলা পরিষদের এক বড় উদ্যোগে ছাতনা ব্লকের খড়বনা এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। মধ্যবিত্ত ও গরিব মানুষের কথা মাথায় রেখে এই এলাকায় একটি ঝাঁ-চকচকে অত্যাধুনিক কমিউনিটি হল তৈরি করা হয়েছে। ফলে এখন থেকে আর সন্তানের বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য প্যান্ডেল ও উচ্চ ব্যয়ের চিন্তা করতে হবে না।

ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দুমদুমি মৌজায় জেলা পরিষদের নিজস্ব জমিতে প্রায় ৬০ লক্ষ টাকা খরচে (পঞ্চম বর্ষ কমিশনের অর্থে) এই কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে। হলটিতে একসঙ্গে ২০০ জনের বসে খাওয়াদাওয়া সহ বিবাহের মতো বড় অনুষ্ঠানের আয়োজন করা যাবে। সবথেকে বড় সুবিধা হলো— এর জন্য দিতে হবে যৎসামান্য পয়সা।

‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে বুকিং

নবনির্মিত এই কমিউনিটি হলটি ‘আগে এলে আগে পাবে’ (First Come, First Served) ভিত্তিতে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট প্রচারে এসে এলাকার মানুষের সমস্যার কথা শুনেছিলেন জেলা পরিষদের কর্তারা। অব্যবহৃত পড়ে থাকা জেলা পরিষদের জমিতেই এরপর দ্রুত কাজ শুরু করা হয়।

নবনির্মিত এই হলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় এবং কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরুপা সেনগুপ্ত। তাঁরা দু’জনেই জানান, এই কমিউনিটি হল তৈরির মূল লক্ষ্যই হলো এলাকার গরিব ও মধ্যবিত্ত মানুষকে কম খরচে একটি সুন্দর আয়োজনের জায়গা দেওয়া।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুন্ডু সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকার আপামর জনগণ জেলা পরিষদের এই ‘উপহার’ পেয়ে উচ্ছ্বসিত।