‘হাত ধুয়ে আসুন, না হলে কেস শুনব না’, থুতু দিয়ে নথি ওল্টানোয় আইনজীবীকে কঠোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

নিয়োগ দুর্নীতি থেকে ভোট পরবর্তী হিংসা— একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কড়া ও তাৎপর্যপূর্ণ রায়ের সাক্ষী থেকেছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের একটি লাইভ শুনানির মাঝের দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এখন জোর চর্চা চলছে।
ঘটনাটি ঘটে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি মামলার শুনানির সময়। লাইভ স্ট্রিমিংয়ের কারণে আদালতের এই মুহূর্তটি সরাসরি সাধারণ মানুষ দেখতে পেয়েছেন।
হাইকোর্টে ঠিক কী ঘটেছিল?
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, শুনানির জন্য প্রস্তুত হচ্ছিলেন এক আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহা যখন নথিপত্র খতিয়ে দেখছিলেন, তখনই তাঁর চোখে পড়ে যায় একটি অস্বাস্থ্যকর অভ্যাস। দেখা যায়, ওই আইনজীবী নিজের নথির পৃষ্ঠা ওল্টানোর জন্য থুতু ব্যবহার করছেন।
বিষয়টি নজরে আসতেই বিরক্তি প্রকাশ করে সঙ্গে সঙ্গেই কঠোর হন বিচারপতি সিনহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দয়া করে থুতু দিয়ে পৃষ্ঠা ওল্টাবেন না। এটা খুবই অস্বাস্থ্যকর। এটা করবেন না প্লিজ।”
বিচারপতির এই কথায় লজ্জিত ওই আইনজীবী তৎক্ষণাৎ বলেন, “I am sorry।”
“চলে যান, আগে হাত ধুয়ে আসুন”
এরপরেই বিচারপতি আরও একটি বিষয় লক্ষ্য করেন— আইনজীবীর কোটে বাধ্যতামূলক ব্যান্ডটি নেই। তিনি প্রশ্ন করেন, “আপনার ব্যান্ড কোথায়? এটা কি পার্সোনাল ম্যাটার আপনার?”
আইনজীবী উত্তরে জানান যে, তিনি ব্যান্ড পরতে ভুলে গিয়েছেন। এরপরেই বিচারপতি সিনহা চূড়ান্ত কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, “চলে যান। আগে হাত ধুয়ে আসুন। না হলে আমি এই কেস এখন শুনব না। আগে হাত ধুয়ে আসুন।”
কোর্টরুমের শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি নিয়ে বিচারপতির এই স্পষ্ট বার্তা এখন নেটমাধ্যমে ভাইরাল এবং আলোচনার কেন্দ্রে রয়েছে। বিচারপতি সিনহার এই পদক্ষেপ আদালতের অভ্যন্তরে স্বাস্থ্য সচেতনতা ও নিয়ম মেনে চলার গুরুত্বকে তুলে ধরেছে।