আসিয়ান সম্মেলনে মোদীর বড় কৌশল: দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোড়ালো করতে কোন মাস্টারপ্ল্যান নিয়েছে ভারত?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিলিপিন্সে অনুষ্ঠিত হতে চলা আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছেন। এই যাত্রার মূল লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে অর্থনৈতিক, কৌশলগত এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। তবে এই পুরো কূটনৈতিক কৌশলের কেন্দ্রে রয়েছে ভারতের একটি ঐতিহাসিক ও গর্বের নাম, বিহারের রাজগীরের নালন্দা বিশ্ববিদ্যালয়। আধুনিক শিক্ষা এবং সংস্কৃতির হাত ধরে নালন্দার সেই সুপ্রাচীন ঐতিহ্যকে ফের একবার জীবন্ত করে তুলতে চাইছে নয়াদিল্লি।
সম্প্রতি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের আগে একটি বিশেষ ব্রিফিংয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়। মন্ত্রকের সচিব জানান, প্রাচীনকালে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যে গভীর শিক্ষাগত ও সাংস্কৃতিক মেলবন্ধন ছিল, তাকে পুনরুজ্জীবিত করাই নালন্দার মূল লক্ষ্য। বর্তমান নালন্দায় কেবল বৌদ্ধ দর্শন বা ইতিহাসই নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণিতের মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়গুলিও সমান গুরুত্বে পড়ানো হচ্ছে।
বিশেষ গবেষণাকেন্দ্র ও পঠনপাঠন এই লক্ষ্যকে সামনে রেখেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ’। এই কেন্দ্রটি ভারত এবং আসিয়ান দেশগুলির মধ্যে নীতিগত, শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর কাজ করছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান, বাণিজ্য, ঐতিহ্য রক্ষা, জনস্বাস্থ্য, ডিজিটাল সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো মোট দশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখানে গবেষণা চলছে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা আসিয়ানভুক্ত দেশগুলির মেধাবী শিক্ষার্থীদের নালন্দার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে ভারত। আসিয়ান জোটের দশটি সদস্য দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর বিশটি করে স্কলারশিপ দেওয়া হচ্ছে। ব্রুনেই, কম্বোদিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের ছাত্রছাত্রীরা এর সুফল পাচ্ছেন। এই স্কলারশিপের আওতায় পড়াশোনার সম্পূর্ণ খরচ, আবাসন, বিমানভাড়া এবং হাতখরচ হিসেবে মাসিক ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কেবল আধুনিক পঠনপাঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। একসময় এশিয়ার অন্যতম সেরা আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল এই প্রতিষ্ঠানের। বৌদ্ধ জ্ঞান এবং দর্শনকে কেন্দ্র করে শত শত বছর ধরে ভারতের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির এক নিবিড় যোগাযোগ ছিল। আজ সেই ঐতিহ্যকে সামনে রেখেই আধুনিক শিক্ষা এবং ছাত্র বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে ভারত।
সবমিলিয়ে, নালন্দাকে কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে আটকে না রেখে আসিয়ান দেশগুলির সঙ্গে জ্ঞান ও গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে সরকার। একদিকে প্রাচীন সভ্যতা এবং বৌদ্ধ দর্শন আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন ভবিষ্যতে দুই পক্ষের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রীর ফিলিপাইন সফর এবং নালন্দার এই নতুন ভূমিকা ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানের ভিতকে আরও পোক্ত করবে বলেই মনে করা হচ্ছে।