‘মেসি জ্বর’! আব্রামের সঙ্গে মেসি-সুয়ারেজের কথোপকথন দেখে উচ্ছ্বসিত শাহরুখ, বিলাসবহুল হোটেলে খুশির ঝলক

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিতর্কের ঝড় উঠলেও, বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর ছোট ছেলে আব্রামের জন্য এই সফর এক মধুর স্মৃতি তৈরি করল। শুক্রবার গভীর রাতে লিওনেল মেসি ও শাহরুখ খান (ছোট ছেলে আব্রামকে নিয়ে) প্রায় একই সময়ে কলকাতায় পা রাখেন।

শনিবার বাবার সঙ্গে আব্রাম দেখা করে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সঙ্গে। শুধু তাই নয়, শাহরুখ খান নিজে উদ্যোগী হয়ে ছেলে আব্রামের সঙ্গে আর্জেন্টিনার এই গ্রেট ফুটবলারের ছবি তুলে দেন। জানা গিয়েছে, বিলাসবহুল হোটেলে মেসি, তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের সঙ্গে আব্রামের কিছুক্ষণ বাক্য়ালাপেও মেতে ওঠে। কিং খানকে এসময় হাসিমুখে থাকতে দেখা যায়; ছোট ছেলের চোখে-মুখে খুশি দেখে তিনিও যে বেজায় আনন্দিত, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

সংবর্ধনা বাতিল ও অব্যবস্থাপনা

যদিও মেসির সংবর্ধনা অনুষ্ঠানে শাহরুখ খান ও আব্রামের উপস্থিত থাকার কথা ছিল, তবে যুবভারতী স্টেডিয়ামের অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি। শনিবার সকালে বিলাসবহুল হোটেল থেকে ভার্চুয়ালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তাঁর ৭০ ফুট উঁচু মূর্তির উন্মোচন করেন মেসি। এরপর স্টেডিয়ামে মিনিট ৩০ উপস্থিত থাকার পরেই বিশৃঙ্খলার কারণে তড়িঘড়ি তাঁকে মাঠ ছাড়তে হয়। উত্তেজিত জনতাকে সামাল দিতে না পারার কারণেই শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সংবর্ধনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কিছুক্ষণ পরেই কলকাতা ছাড়েন কিং খান ও আব্রামও।

প্রসঙ্গত, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। তবে এবার সংবর্ধনা বাতিল হওয়ায় স্মৃতিটা সুখকর হলো না।