‘গভীরভাবে মর্মাহত’! যুবভারতীর বিশৃঙ্খলায় মেসি-সহ ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন মমতা, কমিটি গড়ে দিলেন তদন্তের নির্দেশ

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
মেসি নির্ধারিত সময়ের আগেই মাত্র দশ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর যুবভারতী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষুব্ধ দর্শকরা তাঁবু উপড়ে ফেলে, চেয়ার ভাঙচুর করে এবং ক্ষোভের আগুন আছড়ে পড়ে স্টেডিয়ামের সর্বত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ শুরু করতে হয়। বিশৃঙ্খলার খবর পেয়েই পথে মেট্রোপলিটন থেকে মুখ্যমন্ত্রীকে ফিরে যেতে হয়। একাধিক দর্শক এই ঘটনায় আহত হয়েছেন বলেও জানা গেছে। দর্শকদের একটাই প্রশ্ন ছিল—হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও কেন তাঁরা মেসিকে দেখতে পেলেন না?
মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন এবং তদন্ত কমিটি গঠন করলেন
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অব্যবস্থা দেখা গিয়েছে। আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও স্টেডিয়ামের উদ্দেশে রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
এরপরই তিনি ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেন। এই কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব। দ্রুত এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে বলে জানানো হয়েছে।