‘ভগবান’ দর্শন হলো না! সংবর্ধনার আগেই যুবভারতী ছাড়লেন মেসি, দর্শকদের ক্ষোভে ভাঙচুর-বোতল ছোড়া হলো মাঠে

ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা ও অনভিপ্রেত পরিস্থিতি। নির্ধারিত সময়সূচির অনেক আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়লেন ফুটবলের এই রাজপুত্র। এমনকি, তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠান শুরুর আগেই লুই সুয়ারেজ এবং রড্রিগো ডি’পল সহ মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টাইন বিশ্বকাপার।
এর ফলে ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত হলেন হাজার হাজার অনুরাগী, যাঁরা বিপুল অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেছিলেন। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবভারতীর দর্শকরা। স্টেডিয়ামে ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও ব্যানার। এমনকী দর্শকাসন থেকে মাঠের দিকে ছোঁড়া হয় জলের বোতল।
কেন এই বিশৃঙ্খলা?
জানা গিয়েছে, দর্শকদের ক্ষোভের মূল কারণ ছিল মেসিকে ভালোভাবে দেখতে না পাওয়া। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও সাধারণ মানুষ মেসিকে ভালোভাবে দেখতে পারেননি। মাঠের মধ্যে মেসিকে ঘিরে রাখা হয়েছিল প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল, যা দেখার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে।
ক্ষুব্ধ এক দর্শক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা কিচ্ছু দেখতে পাইনি। অলমোস্ট ১০ হাজার টাকার টিকিট। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে।” পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ক্ষোভে গ্যালারির গেট ভাঙারও চেষ্টা করেন দর্শকরা।
এই ঘটনায় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। সাধারণত খেলার মাঠে জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ হলেও, কীভাবে দর্শকরা বোতল নিয়ে প্রবেশ করলেন এবং মাঠে ছুঁড়লেন, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সংবর্ধনার আগেই মেসির যুবভারতী ছাড়ার এই ঘটনা তাঁর বহু প্রতীক্ষিত কলকাতা সফরকে ঘিরে বিতর্কের সৃষ্টি করেছে।