নতুন বছরে মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর! তবে বেতন বৃদ্ধির সুফল পেতে ২০২৮ পর্যন্ত অপেক্ষা?

রাজ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘ আইনি জটিলতা ও টালবাহানার আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির খবর আসতে চলেছে। জানা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি পেতে পারে।

ডিএ বৃদ্ধি: ২% বাড়ার সম্ভাবনা

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবারের ডিএ বৃদ্ধির হার অত্যন্ত কম হতে পারে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাত্র ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে দাঁড়াতে পারে।

যদি সত্যিই মাত্র ২ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়, তবে এটি হবে বিগত সাত বছরের মধ্যে ডিএ বৃদ্ধির সর্বনিম্ন হার। নিয়মানুযায়ী, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার (জানুয়ারি ও জুলাই মাসে) ডিএ বৃদ্ধি করে। এই বৃদ্ধি কার্যকর হলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীর জন্য সুখবর আসবে।

সপ্তম কমিশনের মেয়াদ শেষ ও অষ্টম কমিশনের সূচনা:

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের দশ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। ২০২৬ সালের জানুয়ারির এই ডিএ বৃদ্ধি হবে সপ্তম বেতন কমিশন মেয়াদের বাইরে প্রথম ডিএ বৃদ্ধি।

ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়ে গিয়েছে। তবে, এই কমিশনের টার্ম অব রেফারেন্সে (ToR) এটি কবে থেকে কার্যকর হবে, তা স্পষ্ট জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা ২০২৬ সালে পাবেন না। সেই সুফল পেতে পেতে সম্ভবত ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের প্রথম দিক হয়ে যেতে পারে।