“সবচেয়ে বেশি ফিরহাদের কেন্দ্রে”-মমতার ভবানীপুরে SIR খসড়া থেকে বাদ গেল কত ভোটার?

২০২৬ সালের নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস আগেই যে প্রশ্ন তুলেছিল, সম্প্রতি প্রকাশিত তথ্যে যেন সেই আশঙ্কাই আরও উসকে দিল। নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত বিধানসভাভিত্তিক পরিসংখ্যানে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, কলকাতা দক্ষিণ জেলার অন্তর্গত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা (২০২৫ সালের জানুয়ারির তালিকা অনুযায়ী) ১ লক্ষ ৬১ হাজার ৫০৯। এই তালিকা থেকে বাদ যেতে পারে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম থেকে নাম বাদ যেতে পারে ১০ হাজার ৮৯৯ জনের।

তবে বাদ পড়ার সংখ্যা সবচেয়ে বেশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর-এ। এখানে প্রায় ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে অরূপ বিশ্বাসের টালিগঞ্জ থেকে ৩৫ হাজার ৩০৯ জন, এন্টালি থেকে ৪৯ হাজার ৮৪ জন এবং চৌরঙ্গী থেকে ৭৪ হাজারের বেশি নাম বাদ পড়তে পারে।

** ২৪ ঘণ্টার মধ্যে পরিসংখ্যান প্রকাশ, বাড়ছে বিতর্ক**

বিশেষ বিষয় হল, এনুমারেশন ফর্ম গ্রহণ করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই বিধানসভাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে, যা নিয়ে পাল্টা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এখনই বিষয়টিকে চূড়ান্তভাবে ‘নাম বাদ যাওয়া’ হিসেবে দেখা উচিত নয়। কারণ এই ভোটাররা আপাতত ‘অমীমাংসিত’ (Unresolved) তালিকায় রয়েছে। SIR প্রক্রিয়ায় এখনও হিয়ারিং (শুনানি) বাকি। সেই শুনানিতে নথিপত্র যাচাইয়ের পর এই সংখ্যার হেরফের হতেই পারে। মনে রাখতে হবে, আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। এরপর অভিযোগ বা ত্রুটি জানালে কমিশন তা শুনানির মাধ্যমে খতিয়ে দেখবে এবং সব নথি যাচাই করে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করবে চূড়ান্ত ভোটার তালিকা।